গবেষণায় পদক ও প্রণোদনার উদ্যোগ নিয়েছে নোবিপ্রবি

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৫৪  
শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে নগদ প্রণোদনা ও সম্মাননা স্মারক প্রদানের উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পক্ষ থেকে জার্নালের মানভেদে নির্ধারণ করা হয়েছে আর্টিকেল প্রসেসিং ফি। কোন শিক্ষকের আর্টিকেল স্কুপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত হলে ৫ হাজার টাকা,কিউ-৩,কিউ -৪ জার্নালের ক্ষেত্রে ৭ হাজার টাকা এবং কিউ-১,কিউ-২ জার্নালে আর্টিকেল প্রকাশিত হলে পুরষ্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা। এ ছাড়াও রিসার্চ সেলের পক্ষ থেকে প্রতিবছর তিনজন শিক্ষককে ‘সেরা গবেষক সম্মাননা পদক’ প্রদান করা হবে। রিসার্চের নকল বা অনুকরণ রুখতে ক্রয় করা হয়েছে 'গ্রামারলি' নামক সফটওয়্যার। যার মাধ্যমে গবেষকরা গ্রামার এবং গাবেষণার সাদৃশ্যতা যাচাই করতে পারবেন। রিসার্চ সেলের পরিচালক ড.বেলাল হোসেন ডিজিবাংলা-কে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আওতায় ১ কোটি ৫০ লক্ষ টাকার ৪৩২ টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রজেক্টে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে প্রায় ৫৫০ জন গবেষণা ভলান্টিয়ার সংগ্রহ করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকরা শিক্ষকদের নানা গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। ডিজিটেক/নোবিপ্রবি থেকে রুহুল আমিন রাহিদ